‘পঞ্চগড় হবে ডিজিটাল জেলায় প্রথম’
পঞ্চগড়ে স্থাপিত হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। জেলার শিক্ষিত তরুণদের আত্মাকর্মসংস্থান তৈরি এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নির্মিতব্য এই সেন্টারের জন্য জেলার দেবীগঞ্জ উপজেলায় ৩ একর জমি নিচ্ছে আইসিটি বিভাগ। প্রস্তাবিত জায়গা ১০০ কোটি টাকা ব্যায়ে এই প্রযুক্তি হাবটি স্থাপন করা হচ্ছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ উপলক্ষে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, আগামীতে পঞ্জগড় পিছিয়ে থাকবে না। পঞ্চগড় ডিজিটাল জেলায় প্রথম হতে যা করার সরকার তা করবে।
মন্ত্রী জানান, পর্যায়ক্রমে পঞ্চগড়ের সব উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব করা হবে। আগামী ৫ বছরে ১০ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।
জুনাইদ আহমেদ পলক বলেন, চাকুরির জন্য ঢাকা বা বিদেশে যেতে না হয়, সেজন্য তারা যেন শহরে বসেই এসএসসি, এইইচ এসসি পাশ করে ইন্টারনেট ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করতে ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে।
পলক আরো জানান, ইতিমধ্যেই ছাত্র-ছাত্রিরা যেন হাতে-কলমে কম্পিউটার এবং কোডিং শিখতে পারে সে জন্য দেশজুড়ে ৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, তরুণদের ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলকে ৫০ দিনে ২০০ ঘণ্টার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই ট্রেনিং চালু করে পঞ্চগড়ে ৫০০ জন আইটি ফ্রিল্যান্সার তৈরি করা হবে।
প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে ডিজিটাল অর্থনীতির সমৃদ্ধির জন্যই এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী।